ঈদের কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

এবারের ঈদুল ফিতরের সময় (২০-২২ মার্চ) বাংলাদেশে অস্থায়ী দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার থেকে পরবর্তী পাঁচদিনের জন্য আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এতে প্রতিদিনই ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। তবে তা সারা দেশে না হয়ে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে পূর্বাভাসে।

আবহাওয়া অফিসের ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২০ মার্চ (শুক্রবার) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এ ছাড়া আগামী ২১ মার্চ (শনিবার) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।