জাবি শিক্ষার্থী রতনের মৃত্যুতে উপাচার্যের শোক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী অরূপ রতনের আত্মহত্যার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শোক বার্তা জানানো  হয়।

মৃত অরূপ রতন কনিষ্ক বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০ তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন।

শোক বার্তায় উপাচার্য উল্লেখ করেন, অরূপ রতনের এই অকালে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক। জীবনের যে কোনো পরিস্থিতিতে হতাশ না হয়ে তা সাহসিকতার সঙ্গে মোকাবিলা করাই উত্তম।

এছাড়া হতাশা বা বিষণ্নতায় ভেঙে না পড়ে অন্যের সঙ্গে খোলামেলা আলাপচারিতা করলে সংকট উত্তরণের পথ উন্মোচিত হয়। যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে স্ববিরোধিতা পরিহার করতে পারলে জীবনে চলার পথ সহজ হয়।

উপাচার্য বলেন, যাপিত জীবনে নানা বাধা-বিপত্তি ও প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়া স্বাভাবিক। এসব চ্যালেঞ্জ মেধা, প্রজ্ঞা ও ধৈর্যের মাধ্যমে মোকাবিলা করে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তিনি শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান এবং নিজেকে ভালোবাসার ওপর গুরুত্বারোপ করেন।

গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) অরূপ রতনকে শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের ৪১৩ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করেছে।