সৌদি আরবের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের কয়েকটি গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
জেলার ফুলবাড়ী, রৌমারী, রাজীবপুর, ভূরুঙ্গামারী, চিলমারী ও চর রাজীবপুর উপজেলার অন্তত ছয়টি গ্রামে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।
শুক্রবার (২০ মার্চ) সকালে এসব এলাকায় ঈদের জামায়াতে মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের জেলেপাড়া আহলে হাদিস জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টা ৪৫ মিনিটে প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। জামায়াতে ইমামতি করেন মাওলানা আব্দুল মালেক। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও জেলার কয়েকটি এলাকায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদ দেখার ভিত্তিতে রোজা ও ঈদ উদযাপন করা হয়েছে। এর মধ্যে ফুলবাড়ীর জেলেপাড়া ও হাজীর বাজার জামে মসজিদ, রাজীবপুর উপজেলার করাতিপাড়া গ্রামের মদিনাতুল উলুম মডেল মাদরাসা, রৌমারী উপজেলার গয়টাপাড়া জামে মসজিদসহ অন্যান্য এলাকায় পৃথকভাবে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
তবে শুক্রবার সকালের বৃষ্টির কারণে কিছু এলাকায় মুসল্লির উপস্থিতি তুলনামূলক কম ছিল বলে জানা গেছে।
চন্দ্রখানা এলাকার মুসল্লি আমিনুল ইসলাম জানান, “প্রতি বছরের মতো এবারও আমরা আনন্দ ও ধর্মীয় উৎসাহের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেছি। বৃষ্টির কারণে লোকজন কিছুটা কম হলেও ঈদের আনন্দে কোনো ঘাটতি ছিল না।
ইমাম মাওলানা আব্দুল মালেক বলেন, “গত পাঁচ-ছয় বছর ধরে জেলেপাড়া জামে মসজিদে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করা হচ্ছে। ভবিষ্যতে মুসল্লিদের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা করছি।”