বিএনপির শীর্ষ নেতারা কে, কোথায় ঈদ করবেন

বাংলাদেশের আকাশে শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদে পাঠকের আগ্রহে থাকে রাজনৈতিক নেতারা কে কোথায় ঈদ উদযাপন করবেন। এবার নতুন সরকারকে ঘিরে সেই আগ্রহ আরও বেশি। এবার ক্ষমতাসীন দল বিএনপির শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকা ও পারিবারিক পরিমণ্ডলে ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়েছেন। দলীয় সূত্র জানিয়েছে, এবারের ঈদে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর দিকেও গুরুত্ব দিচ্ছেন নেতারা।

এবার পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর সুপ্রিম কোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিতব্য এই জামাতে তিনিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য ঈদ করবেন রাজধানী ঢাকায়। তাদের মধ্যে রয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, বেগম সেলিমা রহমান এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ঈদের দিন সকালে দলের জ্যেষ্ঠ নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল জিয়ারত করবেন।

বিএনপির অন্যান্য শীর্ষ নেতাদের ঈদ উদযাপনের স্থানগুলো হলো- গয়েশ্বর চন্দ্র রায় (কেরানীগঞ্জ), ড. আব্দুল মঈন খান (নরসিংদীর পলাশ), আমীর খসরু মাহমুদ চৌধুরী (চট্টগ্রাম), সালাহউদ্দিন আহমেদ (কক্সবাজার), ইকবাল হাসান মাহমুদ টুকু (সিরাজগঞ্জ), বরকতউল্লা বুলু (নোয়াখালী), সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল (বরিশাল), রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর), খায়রুল কবির খোকন (নরসিংদী), শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি (লক্ষ্মীপুর), সৈয়দ এমরান সালেহ প্রিন্স (ময়মনসিংহ) এবং আবদুস সালাম আজাদ (মুন্সিগঞ্জ)। এছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মো. শাহজাহান ও আবদুল আউয়াল মিন্টু ঢাকায় ঈদ করবেন বলে জানা গেছে।