নড়িয়ায় ৫০০০ অসহায় ও দুস্থ পেল ঈদবস্ত্র উপহার

শরীয়তপুরের নড়িয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫০০০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার নড়িয়া পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ির বাড়ি থেকে এই ঈদবস্ত্র বিতরণ করা হয়। প্রতি বছর নড়িয়া পৌরসভা ও আশেপাশের ইউনিয়নবাসীকে এই ঈদ বস্ত্র দিয়ে থাকেন সাবেক মেয়র বাবু রাড়ি। ঈদবস্ত্র পেয়ে খুশি উপকারভোগীরা। তারা বলেন, এই নতুন পোষাক তাদের ঈদকে আনন্দময় করে তুলবে।

নড়িয়া চাকধ এলাকার বাসিন্দা নাজমা বেগম বলেন, আমার স্বামী নেই, নেই সন্তান। তাই ভাবছিলাম এবারের ঈদে নতুন কাপড় পড়া হবে না। কিন্তু সাবেক মেয়র বাবু রাড়ি আমাকে একটি শাড়ি দিয়েছে। ঈদের দিন কাপড়টি পরব, খুবই আনন্দ লাগছে।

নড়িয়া বাঁশতলা এলাকার বাসিন্দা শ্রমজীবী দুলাল খান বলেন, আমার তিন ছেলে ও এক মেয়ে। সবাইকে বিয়ে দিয়ে দিছি। তারা ভিন্ন থাকে। আমি কাজ করে যা পাই তা দিয়ে সংসার চালিয়ে নতুন পোষাক কিনা কষ্টের। বাবু রাড়ি আমাকে ঈদে পড়ার জন্য নতুন পোষাক দিয়েছে। আল্লাহ বাবু রাড়িকে ভালো রাখুক।

সাবেক মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ির ছেলে দাউদ হাসান বলেন, সকলের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমার বাবা এই ঈদবস্ত্র বিতরণ করে থাকেন। প্রতি বছরই ইমাম, মুয়াজ্জিন ও মাদরাসা শিক্ষকদের ঈদ উপহার দিয়ে থাকেন এবং দুইজনকে ওমরাহ করান। পাশাপাশি এবছর নড়িয়া পৌরসভাসহ আশেপাশের ইউনিয়নের ৫০০০ অসহায় পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়। আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।