বিশ্বের বিভিন্ন দেশের মতো ইরানেও শনিবার (২১ মার্চ) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এরই মধ্যে ঈদের দিন ভোরে রাজধানী তেহরান-এর বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, ভোরে শহরের একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভয়েস অব আমেরিকা-এর ফার্সি বিভাগও একই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, তেহরানের পশ্চিমাঞ্চলের একবাতান এলাকায় অবস্থিত ঐতিহাসিক আজাদি টাওয়ার ও অলিম্পিক ভিলেজ এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এছাড়া রাজধানীর উত্তর-পশ্চিমে মাজান্দারান প্রদেশের পাহাড়ি অঞ্চল কেলারদাশতেও যুদ্ধবিমান চলাচল ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী দাবি করে, লেবাননের রাজধানী বৈরুতে হামলার পর তারা ইরানের রাজধানীর বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে তার আগ্রহ নেই। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি কোনো যুদ্ধবিরতি চাই না। যখন প্রতিপক্ষকে পুরোপুরি ধ্বংস করা সম্ভব, তখন যুদ্ধবিরতির প্রশ্নই আসে না।”
হরমুজ প্রণালির নিরাপত্তা প্রসঙ্গে ট্রাম্প বলেন, এ অঞ্চলের স্থিতিশীলতা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন, বিশেষ করে চীন ও জাপানের মতো দেশগুলোর সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ হতে পারে।