বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম এবারের ঈদুল ফিতর নিজ জন্মস্থান বগুড়ায় উদযাপন করেছেন। শনিবার (২১ মার্চ) সকালে রিকশায় চড়ে ছেলে ও বাবা মাহবুব হামিদ তারাকে সঙ্গে নিয়ে ধরমপুর মাটিডালি নাজিম উদ্দিন জিলাদার ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে যান।
ঈদের নামাজ শেষে তিনি সাধারণ মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং অসহায় মাঝে অর্থ বিতরণ করেন। এ সময় ভক্ত ও স্থানীয়দের সঙ্গে হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় এই সাবেক অধিনায়ককে।
ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার আহ্বান জানিয়ে মুশফিকুর রহিম বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা আত্মীয়স্বজন ও অসহায় মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। আল্লাহ আমাদের রমজানের ইবাদত কবুল করুন।
সম্প্রতি হজ পালনের সময় জেদ্দায় আটকে পড়ার অভিজ্ঞতাও স্মরণ করেন তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিমান চলাচল বন্ধ থাকায় প্রায় দেড় দিন উদ্বেগে কাটাতে হয়েছিল বলে জানান মুশফিক। তিনি বলেন, সেই সময়টা খুবই দুশ্চিন্তায় কেটেছে। আল্লাহর অশেষ রহমত এবং সবার দোয়ায় নিরাপদে দেশে ফিরতে পেরেছি।
এর আগে সকালে পরিবারের সদস্যদের নিয়ে পারিবারিক কবরস্থান জিয়ারত করেন মুশফিক।