ট্রাফিক, নার্স ও রোগীদের জন্য বিএনপির বিশেষ আয়োজন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মহানগর বিএনপির নেতা, মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও তিনি হাসপাতালের রোগী, ডাক্তার, নার্স ও দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য ঈদের শুভেচ্ছা ও খাবার বিনিময় করেন।

শনিবার (২১ মার্চ) ঈদের নামাজ আদায়ের পরে শহরের চাষাঢ়া ও ২নম্বর রেলগেট এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও ৩০০ শয্যা হাসপাতাল ও ভিক্টোরিয়া সরকারি হাসপতালে টিম খোরশেদ ও ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের উদ্যোগে এই কার্যক্রম চালানো হয়।

খোরশেদ বলেন, ট্রাফিক পুলিশরা ঈদের দিনও রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তাদের দায়িত্ব পালন করেন। যাতে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে। আর হাসপাতালে থাকা রোগীরাও এই বিশেষ দিনে আপনজনদের কাছ থেকে দূরে থাকেন আর নার্সরা তাদের নিরলস সেবা দিয়ে যান। তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব।

এসময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন আনোয়ার মাহমুদ বকুল, বাচ্চু বেপারী, শওকত খন্দকার,আফজাল হোসেন প্রমুখ।