পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকার গঠন করার পর এক মাস পার হয়েছে। সরকারের সকল কর্মকাণ্ড দেশবাসীর সামনে দৃশ্যমান রয়েছে এবং সেটাই ধরে রাখা হবে।
আজ শনিবার সকালে লক্ষ্মীপুর সোনামিয়া ঈদগা মাঠে ঈদুল ফিতরের নামাজ শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে, এখন পর্যন্ত দেশের মানুষ যেভাবে সহযোগিতা করছেন ও আন্তরিকতা দেখাচ্ছেন, সেই ধারাবাহিতা থাকতে হবে। পাশাপাশি সরকারের আন্তরিকতারও অভাব নেই। সে অনুযায়ী কাজ করা হচ্ছে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, এ দেশের জনগণ ও দেশবাসী সবাইকে নিয়ে সুন্দরভাবে যেন আগামী দিনটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি, সেটাই প্রত্যাশা করি। সবার সহযোগিতা ও আন্তরিকতা নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, বাংলাদেশে ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক রশিদুল হাসান লিংকন।