ঈদের নামাজ শেষ করেই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী

ফরিদপুরের ভাঙ্গার গোপীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈদের নামাজ শেষে দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০-১২টি বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। 

আজ শনিবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে সংঘর্ষ চলতে থাকে। দুই পক্ষ ঢাল, সড়কি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

জানা গেছে, উপজেলার গোপীনাথপুর গ্রামের ইসমাইল মুন্সি ও চুন্নু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১২ জন আহত হন। সেই ঘটনার রেশ ধরে ঈদের নামাজ শেষে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।