ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দিকে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৮টি ড্রোন প্রতিহত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
শনিবার (২১ মার্চ) মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ইরানের পক্ষ থেকে চালানো সাম্প্রতিক এই নির্লজ্জ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ৩৪১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৭৪৮টি ড্রোন (ইউএভি) মোকাবিলা করেছে।
বিবৃতিতে জানানো হয়, এসব হামলায় আমিরাতের সশস্ত্র বাহিনীর ২ জন সদস্য জাতীয় দায়িত্ব পালনকালে ‘শহীদ’ হয়েছেন। এছাড়া অন্যান্য দেশের ৬ জন নাগরিক প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও ফিলিস্তিনি নাগরিক রয়েছেন।
হামলায় এ পর্যন্ত মোট ১৬০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের আঘাতের মাত্রা সামান্য থেকে শুরু করে মাঝারি ও গুরুতর সব ধরনেরই রয়েছে।
আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো ধরনের হামলা মোকাবিলায় তারা সক্ষম।
সূত্র: আল-জাজিরা