ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কী কথা হলো মোদির?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। এই আলাপকালে তিনি মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং আঞ্চলিক শান্তি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় নরেন্দ্র মোদি নিজেই এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন।

আলাপকালে প্রধানমন্ত্রী মোদি মধ্যপ্রাচ্য অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক বাণিজ্যের স্বার্থে সমুদ্রের নৌপথগুলো উন্মুক্ত রাখা এবং এর নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেন।

ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়েও কথা বলেন দুই নেতা। এ সময় ভারতীয় নাগরিকদের নিরাপত্তায় ইরান সরকারের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন মোদি।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে ভারতের পক্ষ থেকে নৌপথের নিরাপত্তা এবং সংঘাত এড়ানোর এই আহ্বানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল-জাজিরা