কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা

রেলক্রসিংয়ের দুই গেটম্যান বরখাস্ত

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। রবিবার (২২ মার্চ) সকাল ৮টার দিকে রেলওয়ে চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বরখাস্তকৃত দুই গেটম্যান হলেন- মেহেদী হাসান এবং হেলাল উদ্দিন।

চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক অনুসন্ধানে গেটম্যানের সঙ্গে ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্নতাকে কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই পদুয়ার বাজার রেলক্রসিংয়ে কর্মরত দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। সেখানে নতুন করে গেটম্যান দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা দুর্ঘটনার সঠিক কারণ বের করতে দুটি তদন্ত কমিটি গঠন করেছি। একটি বিভাগীয় এবং অপরটি আঞ্চলিক। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

হাইওয়ে পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে মামুন পরিবহনের একটি বাস লক্ষ্মীপুর যাচ্ছিল। পদুয়ার বাজার রেলক্রসিং অতিক্রমের সময় ঢাকা থেকে আসা চট্টগ্রাম মেইল ট্রেনের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসটির মাঝামাঝি অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান বাসের ১২ যাত্রী। ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে প্রায় চার ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এ ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।