‘আইপিএলে লক্ষ্য দুই-তিন হাজার রান’ -সাংবাদিকের প্রশ্নে বৈভবের রসিকতা

মাঠে যখন ব্যাট হাতে নামেন, বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান। কিন্তু মাঠের বাইরে ১৪ বছরের কিশোর বৈভব সূর্যবংশী যে বেশ রসিক, তার প্রমাণ মিলল সম্প্রতি এক সংবাদ সম্মেলনে। আইপিএলের আগামী আসরে নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বৈভব যা বললেন, তাতে হাসির রোল পড়ে গেল পুরো সংবাদকক্ষে।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বৈভবকে প্রশ্ন করেছিলেন, ‘আইপিএল ২০২৬-এ আপনার পরিকল্পনা কী? মানে কত রান করতে চান বা অরেঞ্জ ক্যাপ নিয়ে আপনার কোনো লক্ষ্য আছে কি না?’

প্রশ্ন শুনেই মুচকি হেসে রাজস্থান রয়্যালসের এই তরুণ তুর্কি উত্তর দেন, ‘এমন প্রশ্ন করলে তো আমি বলে দেব যে দুই-তিন হাজার রান করতে চাই!’ বৈভবের এমন চটজলদি আর রসিকতাপূর্ণ উত্তরে হাসিতে ফেটে পড়েন সেখানে উপস্থিত সবাই।

অবশ্য মজা থামিয়ে পরক্ষণেই বেশ পরিণত ক্রিকেটারের মতো বৈভব যোগ করেন, ‘আসলে নির্দিষ্ট কোনো সংখ্যাকে আমি লক্ষ্য বানাচ্ছি না। আমি শুধু প্রক্রিয়ার ওপর জোর দিচ্ছি এবং দলের জন্য ট্রফি জিততে চাই। ব্যক্তিগত কোনো লক্ষ্য নিয়ে আমরা ভাবছি না, আমাদের লক্ষ্য কেবল গত আসরের চেয়েও ভালো করা।’

বয়স মাত্র ১৪ হলে কী হবে, বৈভবের ব্যাটিং সামর্থ্য এরই মধ্যে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে। গত আইপিএলে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে টুর্নামেন্টের ইতিহাসে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান এবং দ্রুততম ভারতীয় হিসেবে রেকর্ড গড়েছিলেন তিনি।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের শিরোপা জয়েও তার ছিল বিশাল ভূমিকা। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৮০ বলে ১৭৫ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলে ভারতকে ১০০ রানের বড় জয় এনে দেন এই বাঁহাতি ব্যাটার।

২০২৫ সালের মেগা নিলামে রাজস্থান রয়্যালস ১.১ কোটি রুপি খরচ করে বৈভবকে দলে টেনেছিল। প্রথম মৌসুমেই ৭ ম্যাচে ২০৬.৫৬ স্ট্রাইক রেটে ২৫২ রান করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাকরণ মেনে অবলীলায় বড় বড় ছক্কা হাঁকানোর ক্ষমতার কারণে আসন্ন আইপিএলেও সবার নজর থাকবে এই ‘বিস্ময় বালকের’ দিকে।