বার্সা থেকে আসা তরুণের প্রথম গোলে ফের শীর্ষে পিএসজি

ফরাসি লিগ ওয়ানে দাপট ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গত রাতে নিসের মাঠ থেকে ৪-০ ব্যবধানের বড় জয় নিয়ে ফিরেছে লুইস এনরিকের দল। এই জয়ে লঁসকে টপকে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান উদ্ধার করল প্যারিসিয়ানরা। ম্যাচের বিশেষ আকর্ষণ ছিল বার্সেলোনা থেকে জানুয়ারিতে পিএসজিতে নাম লেখানো ১৮ বছর বয়সী তরুণ মিডফিল্ডার দ্রো ফার্নান্দেজ, যিনি ক্লাবের জার্সিতে নিজের প্রথম গোলের দেখা পেয়েছেন।

ম্যাচের শুরুটা সমানে সমান হলেও প্রথমার্ধের শেষ দিকে একটি বিতর্কিত পেনাল্টিতে এগিয়ে যায় পিএসজি। নিস মিডফিল্ডার মরগান সানসনের হাতে বল লাগলে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি লেফট-ব্যাক নুনো মেন্ডেস। বিরতির ঠিক পরেই মেন্ডেসের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন দেজিরে দুয়ে।

ম্যাচের ৬০ মিনিটে নিসের ইউসুফ এনদায়িশিমিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে স্বাগতিকরা ১০ জনের দলে পরিণত হয়। এরপর কেবল সময়ের অপেক্ষা ছিল পিএসজির গোল উৎসবের। ৮১ মিনিটে উসমান দেম্বেলের সাজিয়ে দেওয়া বল থেকে নিজের অভিষেক গোলটি করেন ১৮ বছরের দ্রো ফার্নান্দেজ। ম্যাচের শেষ দিকে নিসের কফিনে শেষ পেরেকটি ঠোকেন ওয়ারেন জাইর-এমেরি।

এই জয়ে ২৫ ম্যাচে লঁসের চেয়ে এক পয়েন্টে এগিয়ে গেল পিএসজি, যদিও তাদের হাতে রয়েছে একটি বাড়তি ম্যাচ। আগামী ১১ এপ্রিল লঁসের মাঠে মুখোমুখি হবে এই দুই দল, যা চলতি মৌসুমের লিগ শিরোপার ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।

দিনের অন্য ম্যাচে তুলুজ ১-০ ব্যবধানে লোরিয়ঁকে হারিয়েছে।