পঞ্চগড়ের দেবীগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে বিটুল নামে এক যুবদল নেতাকে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে মুসল্লিদের বিরুদ্ধে। এতে তিনি গুরুতর আহত হন।
উপজেলার রামগঞ্জ বিলাসীতে শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতরের নামায শেষে এ ঘটনা ঘটে।
আহত বিটুল টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। জুলাই অভ্যুত্থানের আগে তিনি টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি পদে ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, শনিবার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় ইদুল ফিতরের নামায অনুষ্ঠিত হয় সকাল ১০টায়। ঈদকে কেন্দ্র করে রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয় মাঠে একদিনের জন্য মেলা বসে। প্রতিবছর মেলায় আগত ব্যবসায়ীদের থেকে ২০-৫০ টাকা আদায় করা হতো মাঠ পরিষ্কারের জন্য।
কিন্তু এবার ঈদে যুবদল নেতা বিটুল মেলায় আগত ব্যবসায়ীদের থেকে চাঁদা আদায় করা হবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়। আদায়কৃত চাঁদা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে ব্যয় করা হবে বলে জানানো হয়।
ব্যবসায়ীদের দাবি, প্রতিটি দোকান থেকে চারশ থেকে ছয়শ টাকা পর্যন্ত চাঁদা দাবি ও অনেকের কাছে তা আদায়ও করা হয়। এতেই ক্ষিপ্ত হয়ে উঠেন ব্যবসায়ীরাসহ স্থানীয়রা। এই সময় চাঁদা দিতে না চাওয়ায় বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও মালামাল লুট করা হয় বলেও জানান ভুক্তভোগীরা।
বাকবিতণ্ডার এক পর্যায়ে ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিটুলকে ধাওয়া করে উপস্থিত লোকজন গণপিটুনি দেয়। এই সময় দুই একজন তাকে রক্ষার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে বিদ্যালয়ের পার্শ্ববর্তী এক বাড়িতে দৌড়ে গিয়ে আশ্রয় নেন বিটুল। এক পর্যায়ে দেবীগঞ্জ থানায় বিষয়টি অবগত করলে পুলিশ গিয়ে বিটুলকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) প্রবীর কুমার সরকার জানান, ঈদ উপলক্ষ্যে মেলায় আগত অস্থায়ী দোকান থেকে মাঠ পরিষ্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য চাঁদা আদায়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে পুলিশ যাওয়ার আগেই ঘটনার সমাধান হয়ে যায় বলে তিনি জানান।