ঝড়ের তাণ্ডবে ট্রলারডুবি

ঈদে নিভে গেল বেচু মাঝির সংসারের আলো

ঈদের আনন্দ যখন চারদিকে, ঠিক তখনই ভোলার চরফ্যাশনের এক জেলে পরিবারের ঘরে নেমে এসেছে শোকের ছায়া। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ট্রলারডুবিতে প্রাণ হারিয়েছেন বেচু মাঝি (৬৫)।পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার স্বজনরা।

স্থানীয়রা জানায়, শুক্রবার (২০ মার্চ) বিকেলে উপজেলার দক্ষিণ আইচা ইউনিয়নের চরপাতিলা বয়ার সংলগ্ন নদীতে মাছ ধরতে যান বেচু মাঝি। এ সময় হঠাৎ করে প্রবল ঝড় শুরু হলে তার ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা তার দুই ছেলে শাহীন (১২) ও সাকিল (১৪) পানিতে ভেসে থেকে কোনোভাবে প্রাণে রক্ষা পায়। তারা প্লাস্টিকের ড্রামের সহায়তায় বেঁচে থাকলেও তাদের বাবাকে আর বাঁচানো যায়নি। নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর নদী থেকে বেচু মাঝির মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা জানায়, ঈদকে সামনে রেখে সংসারে চলছিল প্রস্তুতি। কিন্তু মুহূর্তেই সব আনন্দ শেষ।

দুই ছেলের আহাজারি আর মৃতের স্ত্রীর কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।