কুমিল্লায় নিহত ১২ জনের পরিবার এক লাখ টাকা করে পাবে: রেল প্রতিমন্ত্রী

কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ব্যক্তিদের পরিবার এক লাখ টাকা করে পাবে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। আজ রবিবার দুপুর ১২টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এই তথ্য জানান।

হাবিবুর রশিদ জানান, এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের পরিবারকে এক লাখ টাকা করে রেল থেকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। রেল কর্তৃপক্ষ ভুক্তভোগীদের জন্য এই টাকা বরাদ্দ করেছে। এ ছাড়া কুমিল্লা জেলা প্রশাসন থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহত ব্যক্তিদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে।  দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ সরকার বহন করবে।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। স্বাস্থ্যমন্ত্রীকেও নির্দেশনা দেওয়া হয়েছে যে যাদের চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া প্রয়োজন, তাদের যেন সহায়তা করা হয়।

যাদের গাফিলতির কারণে দুর্ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সেইসঙ্গে যে রেলগেটগুলো অরক্ষিত আছে, সরকার সেখানে ওভারপাস অথবা আন্ডারপাস করার বিষয়ে বিবেচনা করছে বলেও জানান তিনি।