২৪’র শহীদ-পঙ্গুদের প্রতিও আমরা আন্তরিক বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ। মুক্তিযোদ্ধা মন্ত্রাণালয় মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করে। একই সঙ্গে ২৪ এর গণঅভ্যুত্থান যারা শহীদ ও পঙ্গু হয়েছেন তাদের বিষয়ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে। তাদের বিষয়ও আমরা আন্তরিক। তাদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে।
রবিবার (২২ মার্চ) সকালে টাঙ্গাইল সার্কিট হাউজে জেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
জাতীয় ও স্বাধীনতা দিবসের প্রস্ততির প্রসঙ্গে আহমেদ আযম খান বলেন, আশা করি সফলভাবে আমাদের পরিকল্পনা অনুযায়ী জাতীয় ও স্বাধীনতা দিবস আমরা পালন করবো।
মুক্তিযুদ্ধ সংসদের বিষয়ে তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু করেছেন তারেক রহমান। তাই প্রত্যকটি কমিটিই গণতান্ত্রিক হোক। এরই অংশ হিসেবে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলর গণতান্ত্রিকভাবে হোক এটা আমরা নিশ্চয় করতে চাই। আমি এ নিয়ে কাজ করছি। সে জন্য আমাকে সময় দিতে হবে।
তিনি বলেন,মুক্তিযোদ্ধের তালিকা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। অনেকের প্রশ্ন রাজাকারের তালিকা হয়েছে কি না। আমি মাত্র দুইদিন অফিস করেছি। এ নিয়ে আমি কাজ করবো। আমি চেষ্টা করবো এ মন্ত্রাণালয়ের সকল কাজগুলো নিষ্ঠার সঙ্গে পালন করে জাতির প্রত্যাশা পূরণ করার।
এসময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতারা।