সাইনবোর্ডে ঝুলবে মাদক ব্যবসায়ীদের ছবি-নাম: এমপি মাজেদ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদক, জুয়া ও ক্যাসিনো প্রতিরোধে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মার্চ) বেলা ১১টা থেকে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে এ কর্মসূচি শুরু হয়। আয়োজন করেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), বুয়েট, চুয়েটসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের উপস্থিতিও বাড়তে থাকে। আয়োজক হিসেবে স্বাগত বক্তব্য দেন সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এ ছাড়াও  বক্তব্য দেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ শাহরিয়ার বিন মতিনের পিতা আব্দুল মতিনসহ আরও অনেকে। অনুষ্ঠানে পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম-আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, শরীফ আবেদীনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

টাউন হল মিটিংয়ে শিক্ষার্থীরা আগামী দিনে ঈশ্বরগঞ্জকে কেমন দেখতে চান এবং কী ধরনের উদ্যোগ নিলে মাদক, জুয়া ও ক্যাসিনোমুক্ত করা সম্ভব—এ বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। একই সঙ্গে আধুনিক ও উন্নত উপজেলা গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও মতামত তুলে ধরেন তারা। সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু শিক্ষার্থীদের পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এসব উদ্যোগ বাস্তবায়নে কাজ করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নাবিলা বিনতে জামান বলেন, আগামীদিনে ঈশ্বরগঞ্জকে মাদক, জুয়া ও সামাজিক সমস্যা ও প্রতিহিংসামুক্ত একটি নিরাপদ ও সুন্দর জনপদ হিসেবে দেখতে চাই। এ ছাড়া নারীদের শিক্ষা ও চিকিৎসাসেবার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নিতে তিনি সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন। 

সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, উপজেলার প্রতিটি গ্রাম ও বাড়িতে কোথায় মাদক বিক্রি হয়, তা চিহ্নিত করা হবে। এরপর সংশ্লিষ্টদের ছবি, নাম ও পরিচয় প্রকাশ করে তাদের কর্মকাণ্ড সবার সামনে তুলে ধরা হবে। তিনি বলেন, ‘মাদক বিক্রেতাদের সামাজিকভাবে বর্জন করা হবে। তাদের বাড়িতে সাইনবোর্ড টানানো হবে, যাতে লেখা থাকবে—এটি মাদক বিক্রেতার বাড়ি। যেন সমাজে তাদের কোনো গ্রহণযোগ্যতা না থাকে।’

তিনি আরও বলেন, প্রশাসনের কেউ যদি এসব কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করেন, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হবে।