পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান। ঈদের প্রথম দুইদিনেই এই বনাঞ্চলে বিপুল সংখ্যক পর্যটক প্রবেশের ফলে মাত্র ৪৮ ঘণ্টায় সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ৩ লাখ ২৬ হাজার টাকা।
উদ্যান কর্তৃপক্ষ জানানায়, যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে ঈদের দিন থেকেই ভ্রমণপিপাসুরা এই চিরহরিৎ বনে ভিড় করতে থাকে। ঈদের প্রথমদিন ১ হাজার ৫২ জন পর্যটক টিকিট কেটে বনে প্রবেশ করেন, যা থেকে রাজস্ব আদায় হয় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। তবে ঈদের দ্বিতীয় দিন পর্যটকদের সমাগম ছিল কয়েক গুণ বেশি। এদিন প্রায় ১ হাজার ৯০০ জন পর্যটক প্রবেশ করায় টিকিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৬ হাজার টাকা। দুই দিনে মোট ২ হাজার ৯৫২ জন দেশি-বিদেশি পর্যটক উদ্যানটি ভ্রমণ করে।
উদ্যান ঘুরে দেখা গেছে, বনের সুউচ্চ গাছপালা, বিরল প্রজাতির বন্যপ্রাণী ও রেললাইন ঘিরে পর্যটকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তবে অতিরিক্ত পর্যটকের ভিড়ে উদ্যানের ভেতরে কিছুটা কোলাহল তৈরি হলেও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে কমতি ছিল না কারোরই। বনের ভেতরে ও প্রধান ফটকে ভিড় সামাল দিতে হিমশিম খেতে দেখা গেছে দায়িত্বরত কর্মীদের।
ঈদের ছুটির বাকি দিনগুলোতে পর্যটক সমাগমের এই ধারা অব্যাহত থাকলে রাজস্ব আয়ের পরিমাণ রেকর্ড ছাড়িয়ে যাওয়ার ধারণা করছে বন বিভাগ।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের টিকিট কালেক্টর শাহিন মিয়া জানান, অন্যান্য সময়ের তুলনায় এবারের ঈদে পর্যটকদের বিপুল সাড়া পাওয়া যাচ্ছে। পর্যটকদের নিরাপত্তায় এবং বনের পরিবেশ রক্ষায় বনবিভাগ থেকে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।