ইসরায়েলে ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে চার শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। রবিবার ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ৪০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ৯২ শতাংশই আকাশে ধ্বংস করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি বলেছেন, ‌‌‘‘ইরান ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আমরা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষেত্রে বড় সাফল্য পেয়েছি। আমাদের সফলতার হার প্রায় ৯২ শতাংশ।’’

এদিকে, শনিবার দক্ষিণ ইসরায়েলের দুটি শহরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে প্রায় ১৮০ জনের চিকিৎসাসেবার প্রয়োজন হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে।