কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহত হওয়ার ঘটনায় গভীর আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। রেলমন্ত্রী শেখ রবিউল আলমকে ফোন করে তিনি অঝোরে কেঁদেছেন।
রবিবার (২২ মার্চ) সকাল ১০টার দিকে সিঙ্গাপুর থেকে হোয়াটসঅ্যাপে রেলমন্ত্রীকে কল করেন মনিরুল হক চৌধুরী। পরে তাদের কথোপকথনের একটি ভিডিও তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, পুরো সময়জুড়ে কান্নাজড়িত কণ্ঠে কথা বলেন এই সংসদ সদস্য। তিনি বলেন, পদুয়ার বাজার রেলক্রসিংয়ে দীর্ঘদিন ধরে দুর্ঘটনা ঘটলেও কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অতীতে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
কথোপকথনে তিনি অভিযোগ করেন, পূর্বে উন্নয়নকাজের জন্য বরাদ্দ দেওয়া অর্থ যথাযথভাবে ব্যবহৃত হয়নি। এ প্রসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের দেওয়া বরাদ্দের কথাও তুলে ধরেন।
ফোনালাপে মনিরুল হক চৌধুরী রেলমন্ত্রীকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনের অনুরোধ জানান। জবাবে রেলমন্ত্রী বলেন, তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
এর আগে, শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন ‘মামুন পরিবহন’ নামের যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শাহজাহান জানান, আহতদের মধ্যে ১৮ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং পাঁচজন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।