৭টি বাজেটের সমপরিমাণ অর্থ লুটপাট হয়েছে: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি বলেছেন, বাংলাদেশ থেকে ৩২ লাখ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার, যা দিয়ে দেশের সাতটি বাজেট করা যেত। আর বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের এক মাস পাঁচ দিনের মধ্যেই ৫২টি প্রকল্প বাস্তবায়ন করেছে। শুধু ফ্যামিলি কার্ড নয়, জনগণের কল্যাণে আরও বহু কর্মসূচি গ্রহণ করা হবে।

রবিবার (২২ মার্চ) সকাল ১১টায় বরগুনার ক্রোক এলাকায় ক্রোক খাল ও শাখা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত ২০ হাজার কিলোমিটার খাল খননের অংশ হিসেবে এ খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে চিফ হুইপ বলেন, দেশে পর্যাপ্ত সম্পদ রয়েছে। জনগণ নিয়মিত ট্যাক্স ও খাজনা প্রদান করলে সেই অর্থ সঞ্চিত হয়ে উন্নয়নের ধারা আরও বেগবান হবে। তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রত্যন্ত অঞ্চলেও উন্নয়ন পৌঁছে দেওয়া হবে।

বরগুনার খাল পুনঃখনন প্রসঙ্গে তিনি বলেন, জেলার সব খাল পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে। বিগত সরকারের সময় অপরিকল্পিত ও অপ্রশস্ত স্লুইসগেট নির্মাণের কারণে খালগুলোর নাব্যতা কমে গেছে। এসব স্লুইসগেট প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হবে। খাল পুনঃখননের ফলে কৃষকরা এক ফসলি জমিতে তিনটি ফসল ফলাতে পারবেন, যা কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যুবসমাজের প্রসঙ্গে তিনি বলেন, এ অঞ্চলের তরুণদের এমনভাবে গড়ে তোলা হবে যাতে তারা স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে নেতৃত্ব দিতে পারে। আমরা বাংলাদেশকে স্বাবলম্বী ও গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি এবং আমাদের প্রধানমন্ত্রীও সেই মূল্যবোধ ধারণ করেন।

খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে বরগুনা সার্কিট হাউজ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন চিফ হুইপ নূরুল ইসলাম মণি। সেখানে তিনি বলেন, বরগুনায় একটি ইকোনমিক জোন স্থাপন করা গেলে এ অঞ্চলের আমূল পরিবর্তন সম্ভব। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, বিএনপি সরকার দক্ষ জনশক্তি গড়ে তুলতে চায়, যাতে দেশের মানুষ বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে।

চট্টগ্রাম অঞ্চলে পার্বত্য মন্ত্রণালয়ের মতো উপকূলীয় অঞ্চলের জন্য পৃথক ‘উপকূলীয় মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব দেওয়ার কথাও জানান তিনি।

মতবিনিময় সভায় বরগুনা প্রেস ক্লাব, বরগুনা জেলা সাংবাদিক পরিষদ, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম, সাংবাদিক ইউনিয়ন, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম ও বরগুনা রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা-০১ আসনের সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলি উল্লাহ, বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার, পুলিশ সুপার কুদরত-ই-খুদা, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ন হাসান শাহীন প্রমুখ।