কুমিল্লায় ভয়াবহ দুর্ঘটনায় ঝিনাইদহের ৫ জনের বাড়িতে শোকের মাতম

কুমিল্লার পদুয়ার বাজারে মর্মান্তিক ট্রেন ও বাস মু‌খোমু‌খি সংঘর্ষে ঝিনাইদহের ৫ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের পিন্টু হোসেনের স্ত্রী লাইজু খাতুন (২৭) ও তাদের দুই শিশুকন্যা খাদিজা (৫) ও মরিয়ম (৩), একই উপজেলার ভালাইপুর গ্রামের সোনালি বেগম (৫০) এবং ঝিনাইদহ সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়নের অনামী গ্রামের মুক্তার হোসেনের ছেলে জোহাদ হোসেন (২৫)।

জানা গেছে, যশোরের চৌগাছা থেকে ঝিনাইদহের মহেশপুর ঘুরে মামুন পরিবহনের একটি বাস নোয়াখালীর উদ্দেশ্যে রওনা করে৷ বাসের যাত্রীরা নোয়াখালী ও চট্টগ্রামে তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ট্রেনের সঙ্গে বাসটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

নিহতদের স্বজনরা জানান, বাসটির চালক ছিলেন পিন্টু হোসেন। তিনি বদলি চালক হিসেবে ঢাকায় নেমে যান। এরপর অন্য আরেক চালক বাসটি চালিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। দুর্ঘটনায় চালক পিন্টু হোসেনের স্ত্রী ও দুই শিশু কন্যা বাসেই নোয়াখালী যাচ্ছিলেন। দুর্ঘটনায় তারা নিহত হন।

এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের বাড়িতে চলছে মাতম। এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নিহতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ঝিনাইদহে আনার প্রস্তুতি চলছে।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার জানান, গণমাধ্যমের মাধ্যমে তিনি ঘটনার বিষয়টি জেনেছেন। লাশ বাড়িতে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে।