মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব

অর্থনীতি রক্ষায় যুক্তরাজ্যের জরুরি ‘কোবরা’ বৈঠক

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের ফলে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয় মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার (২৩ মার্চ) একটি জরুরি বৈঠকের আহ্বান জানান তিনি। 

যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৈঠকে অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস এবং ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি ছাড়াও উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এবং জ্বালানি মন্ত্রী এড মিলিব্যান্ড।

অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই জরুরি পরিস্থিতি মোকাবিলায় আয়োজিত ‘কোবরা’ (COBRA) বৈঠকে মূলত যুদ্ধের ফলে সাধারণ পরিবার ও ব্যবসায়িক খাতের ওপর পড়া প্রভাব, জ্বালানি নিরাপত্তা, শিল্প ও সরবরাহ ব্যবস্থার (Supply Chain) স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হবে।

যুক্তরাজ্য মূলত আমদানিকৃত প্রাকৃতিক গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার এই সংঘাত কমার কোনও লক্ষণ না থাকায়, দেশটিতে আগামী সপ্তাহে জ্বালানি তেলের দাম আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা