পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর নিচে পায়রা নদীর তীরে আয়োজিত মাসব্যাপী ঈদ আনন্দ মেলার তৃতীয় দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। রবিবার (২২ মার্চ) সকাল থেকে শুরু হওয়া দর্শনার্থীদের ঢল সন্ধ্যার পর আরও কয়েকগুণ বেড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত মানুষ পরিবার-পরিজন নিয়ে মেলায় অংশ নেন। নতুন এই পর্যটন স্পটে শিশু ও তরুণদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি।
মেলায় নাগরদোলা, নৌকা ভ্রমণ, ট্রেন ও মোটরসাইকেল রাইডসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজনে রযেছে। এছাড়া স্টলগুলোতেও জমজমাট বেচাকেনা ছিল।
মেলায় বিক্রেতারা জানায়, ঈদের কারণে ক্রেতার চাপ বেশি এবং বিক্রি সন্তোষজনক।
সন্ধ্যার পর বর্ণিল আলোকসজ্জা ও নানা আয়োজন মেলার আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। কোলাহল আর বিনোদনে পুরো
এলাকা পরিণত হয় প্রাণবন্ত উৎসবস্থলে।
প্রেসক্লাব দুমকি আয়োজিত এ মেলায় প্রতিদিন নতুন নতুন আয়োজন রাখা হচ্ছে বলে জানিয়েছে আয়োজকরা। ঈদকে কেন্দ্র করে স্থানীয় ও বাইরের দর্শনার্থীদের বিনোদন দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, নিরাপত্তা নিশ্চিতে মেলা প্রাঙ্গণে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া আয়োজকদের স্বেচ্ছাসেবকরাও সার্বক্ষণিক দায়িত্ব পালন করায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দর্শনার্থীরা মেলা উপভোগ করতে পারছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।