ইরানের রাজধানী তেহরান এবং বিভিন্ন শহরে বিমান হামলার অসংখ্য খবর পাওয়া গেছে। বিভিন্ন আলোকচিত্র এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে ধারণা করা হচ্ছে যে, কিছু হামলা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছে। সাথে বড় ধরনের বিস্ফোরণের খবরও পাওয়া যাচ্ছে।
এর মধ্যে দক্ষিণ ইরানের খারগ এবং কিশ দ্বীপপুঞ্জ থেকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সাথে তেহরানের বিমান বাহিনী এলাকা থেকেও বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এদিকে, সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে যে, নৌবাহিনী বন্দর আব্বাসে 'দুটি মার্কিন আত্মঘাতী কম্ব্যাট ড্রোন' ধ্বংস করেছে।
ইরানি ব্রডকাস্টিং কর্পোরেশনের ইংরেজি ভাষার চ্যানেল 'প্রেস টিভি' জানিয়েছে যে, কুয়েতে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে প্রেস টিভিতে।