জননিরাপত্তায় পুলিশ সদস্যদের আরও কার্যকর হওয়ার আহ্বান আইজিপির

পুলিশ সদস্যদের দেশ ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় আরও সজাগ এবং কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে প্রথম কর্মদিবসে পুলিশ হেডকোয়ার্টার্সে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইজিপি পুলিশ বাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা, সদস্য এবং সিভিল স্টাফদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। তিনি সকলকে ঈদোত্তর আন্তরিক অভিনন্দন জানান।

বক্তব্যে আইজিপি এবারের ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করায় পুলিশ বাহিনীর সদস্যদের ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে, হাইওয়ে পুলিশ, ট্রাফিক বিভাগ এবং জেলা পুলিশসহ প্রতিটি ইউনিটের সদস্যরা অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় সাধারণ মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হয়েছে।

এ আনন্দঘন অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণসহ ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উৎসব পরবর্তী কর্মদিবসে এই পুনর্মিলনী পুলিশ সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।