জাতিসংঘের সাহায্যে হরমুজ প্রণালী রক্ষার উদ্যোগ নিল বাহরাইন

বাহরাইন হরমুজ প্রণালী এবং এর আশেপাশের বাণিজ্যিক নৌপরিবহন রক্ষার জন্য দেশগুলোকে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণের অনুমোদন নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছে। সোমবার (২৩ মার্চ) দেয়া এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কূটনীতিকরা বলছেন, খসড়াটি অন্যান্য গালফ আরব দেশ এবং যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়েছে, তবে রাশিয়া ও চীনের ভেটো ক্ষমতার কারণে তা সহজে অনুমোদিত নাও হতে পারে।

এছাড়া ফ্রান্স একই দিনে সংলাপমুখী আরও একটি বিকল্প খসড়া প্রচার করেছে। বাহরাইনের খসড়া প্রস্তাব ইরানের পদক্ষেপকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে এবং ইরানকে বাণিজ্যিক নৌযান এবং প্রণালীতে বৈধ চলাচলে বাধা দেওয়া বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, দেশগুলো স্বেচ্ছামূলক বহুজাতিক নৌবাহিনী বা এককভাবে হরমুজ প্রণালীতে নৌপরিবহন রক্ষা এবং যেকোনো বাধা রোধের জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে পারবে। এছাড়া লক্ষ্যবাহী নিষেধাজ্ঞাসহ অন্যান্য ব্যবস্থা নেওয়ার প্রস্তুতির কথাও অন্তর্ভুক্ত।