মুন্সীগঞ্জে বিদেশি মদ-ইয়াবাসহ আটক ২

মুন্সীগঞ্জ সদরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিদেশি মদ, ফেন্সিডিল ও ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার চর মুক্তারপুর জনতা ব্যাংক পশ্চিম মুক্তারপুর শাখা ভবনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন— চর মুক্তারপুর গ্রামের ছাব্বির আলী (৩০) ও ফরিদপুর জেলার কোতোয়ালি থানার বাখুন্ডা এলাকার মো. শাহিন শেখ (৫১)। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই রাশেদ মুন্সীর নেতৃত্বে একটি দল চর মুক্তারপুর অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৭ বোতল বিদেশি মদ, ১০ বোতল ফেন্সিডিল ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় জেলায় মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।