ঈদের আমেজে চলছে ব্যাংকিং কার্যক্রম

সাত দিনের ছুটি শেষে ঈদের আমেজের মধ্য দিয়ে শুরু হয়েছে দেশের ব্যাংকিং কার্যক্রম। গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিল এলাকা ঘুরে দেখা গেছে, সব বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে। তবে চিরচেনা কর্মব্যস্ততা ও প্রাণচাঞ্চল্যের বদলে দেখা গেছে কিছুটা ধীরগতি। ঈদের পর প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। যারা উপস্থিত ছিলেন, তাদের অনেকেই কাজের চাপ কম থাকায় গল্প-গুজব ও ঈদের শুভেচ্ছা বিনিময়েই সময় পার করেছেন।

জানা গেছে, দীর্ঘ ছুটির পর ধীরে ধীরে কর্মস্থলে ফিরছেন চাকরিজীবীরা। ফলে চলতি সপ্তাহ জুড়ে ব্যাংক ও অফিসপাড়ায় থাকবে কিছুটা ধীরগতি।

নিয়মানুযায়ী সকাল ১০টা থেকে ব্যাংকগুলোয় লেনদেন শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। আর অফিস কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে গ্রাহক উপস্থিতি ছিল স্বাভাবিক দিনের তুলনায় কম।

ব্যাংক কর্মকর্তারা জানান, দীর্ঘ ছুটির পর প্রথম দিন হওয়ায় সীমিত পরিসরে লেনদেন হয়েছে। কিছু গ্রাহক টাকা জমা ও উত্তোলনের পাশাপাশি আমদানি-রপ্তানিসংক্রান্ত সেবা নিয়েছেন। ভিড় কম থাকায় অনেকেই দ্রুত কাজ সম্পন্ন করতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন।

ব্যাংকাররা বলছেন, পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে। কারণ, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আবার ছুটি রয়েছে। ২৪ ও ২৫ মার্চ অনেক কর্মজীবী ঐচ্ছিক ছুটি নিয়েছেন।  এরপর ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি থাকায় টানা বিরতির প্রভাব পড়ছে অফিস কার্যক্রমে। সংশ্লিষ্টরা জানান, দুদিন কার্যক্রম চলার পর আবার স্বাধীনতা দিবসসহ টানা ছুটিতে পড়বে ব্যাংক খাত। তাই আগামী সপ্তাহের রবিবার থেকে ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।