রেড ক্রিসেন্ট সোসাইটিকে সহায়তা করবে ইবিএল

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে দেশের বিভিন্ন স্থানে নির্বাচিত মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্রের কার্যকারিতা উন্নয়নে সহায়তা করবে। সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় পক্ষ এতদসংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। গতকাল মঙ্গলবার ব্যাংকের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই উদ্যোগের অধীনে, দেশের গ্রামীণ, প্রত্যন্ত এবং দুর্যোগপ্রবণ এলাকা যেখানে মানসম্পন্ন স্বাস্থ্যসেবার সীমিত সুযোগ রয়েছে এমন স্থানে রেড ক্রিসেন্ট পরিচালিত  চারটি গ্রামীণ মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্রে সেবার মান উন্নয়ন করা হবে। এই কেন্দ্রগুলো কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং দিনাজপুরে অবস্থিত। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উদ্যোগ সহায়তা হিসেবে ইবিএল প্রশাসন বিভাগ প্রধান মেজর মো. আব্দুস সালাম, পিএসসি (অব.) একটি চেক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম, এনডিসি-কে হস্তান্তর করেন।

‘মা ও শিশুর স্বাস্থ্যসেবার  মান উন্নয়ন’ শীর্ষক এই উদ্যোগটি ১২ মাস ধরে চলমান থাকবে এবং এতে প্রায় ১৫ হাজার মা, শিশু এবং বয়স্ক মানুষ উপকৃত হবে। উদ্যোগটির অধীনে কেন্দ্রগুলোর অবকাঠামো সংস্কার, উন্নত স্যানিটেশন ও পানি সুবিধা নিশ্চিতকরণ, প্রয়োজনীয় ডায়াগনস্টিক যন্ত্রপাতি স্থাপন এবং যোগ্য সাধারণ চিকিৎসক ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের দ্বারা নিয়মিত চিকিৎসাসেবা প্রদান করা হবে।