ঈদের ছুটিতে ঢাকায় ৩ খুন

ঈদুল ফিতরের ছুটিতে রাজধানী ঢাকায় গত পাঁচ দিনে তিনটি পৃথক এলাকায় তিনজনের হত্যাকা- ঘটেছে। মগবাজার, ভাটারা ও উত্তরা এলাকায় এসব ঘটনা ঘটে।

মগবাজারের মধুবাগ এলাকায় গত শুক্রবার রাতে ছুরিকাঘাতে নিহত হয় দশম শ্রেণির শিক্ষার্থী মো. রাব্বি। ইফতারের পর বন্ধুদের সঙ্গে আড্ডার সময় স্থানীয় বখাটে উজ্জ্বলসহ কয়েকজন কিশোর তাদের ঘিরে ফেলে এবং সামান্য কথা-কাটাকাটির জেরে রাব্বির বুকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে বৃহস্পতিবার সকালে ছিনতাইকারীর হেঁচকা টানে রিকশা থেকে পড়ে মারা যান মুক্তা আক্তার। এতে মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর তিনটি হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান। ঘটনার পর অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে। অন্যদিকে গত বুধবার ভাটারার কুড়িল বাজার সড়কে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে নিহত হন নিরাপত্তাকর্মী রাকিব হাসান। সহকর্মী শাকিল আলীর সঙ্গে ১৩ হাজার টাকা লেনদেন নিয়ে তর্কাতর্কি, পরে হাতাহাতি হয়। একপর্যায়ে শাকিল কাঠের লাঠি দিয়ে রাকিবের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।