কুমিল্লার পদুয়ার বাজারে ট্রেন ও বাসের ভয়াবহ সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি গেইটম্যান হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার তহুরা জান্নাত। র্যাব জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য আজ ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে তুলে ধরা হবে।
এর আগে সোমবার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ের গেইটম্যান হেলাল উদ্দিন ও ওয়েম্যান মেহেদী হাসানকে আসামি করে লাকসাম রেলওয়ে থানায় মামলা করেন আহত বাসযাত্রী শেফালী আক্তার। তিনি নিহত সোহেল রানার খালা এবং দুর্ঘটনার সময় একই বাসে ছিলেন।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। নিহত সোহেল রানা মালয়েশিয়া প্রবাসী ছিলেন। ঈদ উপলক্ষে দেশে এসে চুয়াডাঙ্গা থেকে খালার বাসায় যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় তার স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত শনিবার দিবাগত রাত প্রায় পৌনে ৩টার দিকে পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথে একটি ট্রেনের সঙ্গে ‘মামুন স্পেশাল’ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন।
দুর্ঘটনার পর দায়িত্বে থাকা গেইটম্যান হেলাল উদ্দিন ও ওয়েম্যান মেহেদী হাসানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।