সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তবে জয়ের আনন্দের মাঝেও মাঠের খেলায় 'টিম কম্বিনেশন' ও 'কমিউনিকেশন' নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে প্রবাসী ও স্থানীয় খেলোয়াড়দের মধ্যে ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে এক হয়ে খেলার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল পাকিস্তানের বিপক্ষে রোনান সুলিভানের জোড়া গোলে জয় পায় বাংলাদেশ। ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে প্রতিমন্ত্রী দলের কৌশলী জায়গাগুলো নিয়ে তার পর্যবেক্ষণ তুলে ধরেন।
ম্যাচে জোড়া গোল করা রোনান সুলিভানের প্রশংসা করে আমিনুল হক লেখেন, "আমার মনে হয়েছে আজকের জয়ের নায়ক রোনানকে আরও সুযোগ করে দেওয়া যেত। কিন্তু সেখানে টিম কম্বিনেশন ও কমিউনিকেশনের কিছুটা অভাব স্পষ্ট দেখা গিয়েছে।" তিনি মনে করিয়ে দেন যে, ফুটবলে সাফল্য ব্যক্তিগত নৈপুণ্যে নয়, বরং দলগত লড়াইয়ের মাধ্যমেই আসে।
বাংলাদেশ দলে খেলা প্রবাসী খেলোয়াড়দের নিয়ে ফুটবল অঙ্গনে প্রায়ই নানা আলোচনা হয়। প্রতিমন্ত্রী এই বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়ে বলেন: "মাঠে সবাইকে একে অপরের ওপর সমানভাবে আস্থা রেখে খেলতে হবে—সে স্থানীয় হোক, কিংবা বংশোদ্ভূত খেলোয়াড়। জন্মস্থান, বেড়ে ওঠা যেখানেই হোক না কেন, যারা দেশের জন্য লাল-সবুজের জার্সি গায়ে জড়ান তারা সকলেই বাংলাদেশি।"
সাবেক এই অভিজ্ঞ গোলরক্ষক খেলোয়াড়দের মানসিকতার ওপর জোর দিয়ে বলেন, যেকোনো খেলায় দেশের পতাকা ও দলের স্বার্থই ব্যক্তিগত লক্ষ্য অর্জনের ঊর্ধ্বে থাকতে হবে। আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘমেয়াদী সাফল্য পেতে হলে এই চিন্তাধারা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।