পাইরেসির কবলে শাকিবের ‘প্রিন্স’?

নির্মাণের শুরু থেকে মুক্তি পর্যন্ত নানান জটিলতার কবলে পড়া শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ এবার বড় ধরনের লোকসানের কবলে। এরইমধ্যে সিনেমাটির ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ছে অনলাইনে। শাকিব খানের এই সিনেমাটি সার্ভার সমস্যার কারণে বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শন বন্ধ হয়ে যায়। এতে টিকিট কেটেও ছবি দেখতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন দর্শক। কোথাও কোথাও ভাঙচুরের ঘটনাও ঘটে। 

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সিনেমাটির কয়েকটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তাদের আশঙ্কা, এভাবে ক্লিপ ফাঁস হলে সিনেমাটির ব্যবসায় বড় ধরনের প্রভাব পড়তে পারে। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, পাইরেসি রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আরও বাড়তে পারে। দর্শকদেরও অনলাইনে অবৈধভাবে ছড়ানো কন্টেন্ট দেখা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা। 

কীভাবে ছড়ালো এসব ভিডিও সে বিষয়ে কিছুই জানে না ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান। অনলাইনের ক্লিপগুলো পর্যবেক্ষণ করে দেখা গেল, সবই হল প্রিন্ট। হলে বসে কেউ ফোনে ধারণ করে এনে ক্লিপগুলো প্রকাশ করে দিচ্ছেন ফেসবুকসহ নানা সামাজিক মাধ্যমে। এই আইডিগুলো শনাক্ত করা গেলেই ভিডিওগুলোর প্রদর্শন বন্ধ করা যাবে। 

অনেকের দাবি সিনেমাটি ভালো নির্মাণ হয়নি। এর অদক্ষ নির্মাণে ছিল তাড়াহুড়ো, যার ছাপ স্পষ্ট নানা দৃশ্যে। ভিএফএক্স, সাউন্ড ও গানগুলো নিয়েও আক্ষেপ প্রকাশ করছেন অনেক শাকিবিয়ান ও দর্শক। একমাত্র শাকিব খানের নামের জোরেই চলছে ‘প্রিন্স’।