থানায় ছেলের বিরুদ্ধে বাবার অভিযোগ!

কুমিল্লার বরুড়ায় বৃদ্ধ বাবাকে ভরণপোষণ, মারধর, গালমন্দ তথা পারিবারিক বিষয় নিয়ে অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বাবা মন্তাজ উদ্দিন (৬০) নিজ ছেলে আক্তার হোসেনের বিরুদ্ধে বরুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ১৩ নম্বর আদ্রা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মন্দুক দাশ বাড়ি এলাকায় বসবাসরত মন্তাজ উদ্দিন দীর্ঘদিন ধরে ছেলে আক্তার হোসেনের অবহেলা ও নির্যাতনের শিকার হচ্ছেন। এ ছাড়া পারিবারিক বিরোধের জেরে প্রায়ই তাকে শারীরিকভাবে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার বর্ণনায় জানা যায়, গত ২২ মার্চ সকাল আনুমানিক সাড়ে ৯টায় স্থানীয় ঈদগাহ মাঠ সংলগ্ন জাকির হোসেনের দোকানের সামনে আক্তার হোসেনসহ কয়েকজন মিলে তার পারিবারিক বিষয় নিয়ে তার ছোট ছেলে মামুন হোসেনকে মারধর করে। এ সময় মন্তাজ উদ্দিন বাধা দিতে গেলে তাকেও মারধরের চেষ্টা করা হয় এবং পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়।

অভিযোগকারী মন্তাজ উদ্দিন ২৪ মার্চ (মঙ্গলবার) বিকালে বলেন, প্রায় ৪৫ বছর রিকশা চালিয়ে তিনি ছেলেদের বড় করেছি। বর্তমানে বড় ছেলে ও পুত্রবধূ তার সঙ্গে দুর্ব্যবহার করছেন এবং ভরণ-পোষণ দিচ্ছেন না। পারিবারিক বিরোধের জেরে প্রায়ই তাকে শারীরিকভাবে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। আমার ছোট ছেলে মামুনের ওপর হামলা চালিয়ে হত্যার হুমকি দিয়েছে। হামলার শিকার মামুন হোসেন বলেন, পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের নেতৃত্বে কয়েকজন তাকে দোকানের সামনে মারধর করে। স্থানীয়দের সহায়তায় তিনি রক্ষাপান।

অভিযোগ সূত্রে আরও জানা যায়, অভিযোগে অভিযুক্তরা হলেন আক্তার হোসেনের স্ত্রী সুমি আক্তার। আবুল বাশারের ছেলে ফারুক ও পারভেজ। মৃত আম্বর আলী ছেলে দুলাল হোসেন। চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও ব্যর্থ হয়ে ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেন।

যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেই আক্তার হোসেন বলেন, আমার কোনও বক্তব্য নেই। আমি আঘাতপ্রাপ্ত। আমি ঔষধ খাচ্ছি। আমি মানসিক চাপে আছি। আমি মোবাইলে কথা কম বলতেছি।

সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ বলেন, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দোকানের সামনে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখেন এবং ছোট ছেলে দোকানের ভেতরে অবস্থান করছিল। পরে স্থানীয়দের কাছ থেকে হামলার বিষয়টি জানতে পারেন।

বুধবার সকালে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই শুভ জানান, দুই ভাইয়ের মধ্যে পূর্ব থেকেই বিরোধ ছিল। ঘটনার পর বাবা ও ছোট ছেলে থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।