নড়াইলের নড়াগাতীর মাউলী ইউনিয়নের মহাজন গ্রামে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির পরিবারের লোকজন মাঠে কাজ করতে গেলে শিশুটি একাই বাড়িতে ছিল। সেই সুযোগে একই এলাকার আসাদ মেল্যা (৪৫) তাদের ঘরে ঢুকে মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে অভিযুক্ত আসাদকে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে ফেলে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে। পরে তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ধর্ষণের শিকার শিশুটিকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, বিকাল সোয়া ৪টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম বলেন, ধর্ষককে পুলিশ হেফাজতে কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং ভিক্টিমকে নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পক্ষ লিখিত এজাহার দিলেই মামলা নেওয়া হবে।