ময়মনসিংহে গণহত্যা দিবসে আলোচনা সভা

গণহত্যা দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে বুধবার (২৫মার্চ) সকালে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ। অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও কবি শামীম সিদ্দিকী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহ জেলা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবু তাহের এবং মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহ জেলা কার্যালয়ের সদস্য সচিব মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহাকালী গার্লস স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. জিয়া উদ্দিন শাকির। এছাড়া অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকহানাদার বাহিনীর দ্বারা এদেশে ইতিহাসের এক কালো অধ্যায় শুরু হয়। দীর্ঘ নয় মাসের যুদ্ধের পর বাঙালি স্বাধীনতা অর্জন করে। গণহত্যার এই দিনটি শ্রদ্ধা ভরে স্মরণ করা হয় এবং নতুন প্রজন্মকে এ ইতিহাস জানানো অপরিহার্য। বিশেষ করে রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণের রাতটি ও ঢাকার বিভিন্ন স্থানে নির্বিচারে হত্যার ইতিহাস আজও বাংলার মানুষের মনে তাজা রয়েছে।