সোনাগাজীতে ছাত্রদল নেতার ৫ লাখ টাকার মাছ চুরি

ফেনীর সোনাগাজীতে রাতের আঁধারে ছাত্রদল নেতা মৎস প্রকল্প থেকে ৫ লাখ টাকা মুল্যের মাছ চুরি করে নিয়ে গেছে দুর্র্বত্তরা। উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের দক্ষিন মঙ্গলকান্দি গ্রামের মজুর দোকান সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাতে এ চুরির ঘটনাটি ঘটে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত ছাত্রদল নেতার নাম মাইন উদ্দিন সুজন। তিনি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক। চুরির ঘটনায় তিনি সোনাগাজী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

থানায় অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ছাত্রদল নেতা তার বসতবাড়ীর সামনে মৎস প্রকল্পে মাছ চাষ করে আসছেন। গত ২০২০ সালে স্থানীয় এমদাদুল হক বাহাদুরের কাছ থেকে ইজারা নিয়ে মাছ চাষ শুরু করেন। গতকাল রাতে  প্রকল্পে পাহারা শেষে ঘুমাতে  যাওয়ার পর ভোর রাতে প্রকল্পে গিয়ে দেখেন ছোট ছোট মাছ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পরে জাল ফেলে বুঝতে পারেন প্রকল্পের সব মাছ চুরি করে নিয়ে গেছে দুর্র্বত্তরা।

এ প্রসঙ্গে ভুক্তভোগী ছাত্রদল নেতা বলেন, স্থানীয় এনজিও থেকে ঋণ নিয়ে মাছ চাষ করেছি, সব মাছ চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া মাছের বাজারদর প্রায় ৫ লাখ টাকা। তিনি বলেন, গত বন্যায় ক্ষতির শিকার হওয়ার পর এবার মাছ চুরি হওয়ায় বড় লোকশানে পড়ে গেছি। চোর শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম অভিযোগ পাওয়ার কথা জানিয়ে বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।