গানে ফিরছেন সেলিন ডিওন

টাইটানিকখ্যাত কানাডার জনপ্রিয় গায়িকা সেলিন ডিওন। দুর্লভ স্নায়বিক রোগে আক্রান্ত হওয়ার চার বছর পর আবারও মঞ্চে ফিরছেন। ২০২২ সালে স্টিফ পারসন সিনড্রোম নামের বিরল রোগে আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন মঞ্চ থেকে দূরে ছিলেন তিনি। ধারণা করা হয়, আর কোনো দিন কণ্ঠে গান তুলে নিতে পারবেন না তিনি। এতে চরম হতাশ হয়ে পড়েন বিশ্বের অগণিত ভক্ত-অনুরাগী।  তবে তাদের সেই হতাশা কাটিয়ে মনে প্রশান্তির বার্তা দিতে চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ফ্রান্সের প্যারিস লা দেফঁস অ্যারেনাতে তিনি সপ্তাহে দুদিন করে কনসার্ট করার প্রস্তুতি নিচ্ছেন সেলিন ডিওন। ফরাসি সংবাদমাধ্যম লা প্রেস প্রথম এ তথ্য প্রকাশ করে। ইতিমধ্যে প্যারিস জুড়ে তার জনপ্রিয় গানগুলোর নামসহ পোস্টারও দেখা গেছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি সেলিন ডিওন।

সর্বকালের সর্বাধিক বিক্রীত কানাডীয় সংগীতশিল্পী হিসেবে পরিচিত ডিওন সর্বশেষ ২০২০ সালের ৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউইয়র্কে পূর্ণাঙ্গ কনসার্টে অংশ নিয়েছিলেন। পরে বৈশ্বিক মহামারীর কারণে তার ‘কারেজ’ সফর মাঝপথেই বন্ধ হয়ে যায়। ২০২২ সালে নিজের অসুস্থতার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দেন তিনি। সেখানে জানান, এই রোগ তার দৈনন্দিন জীবনের প্রতিটি অংশে প্রভাব ফেলছে। বিশেষ করে পেশির খিঁচুনি তার গান গাওয়া ও মঞ্চে পারফর্ম করার সক্ষমতাকে বাধাগ্রস্ত করছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যার সঙ্গে লড়াই করছেন এবং এটি তার জন্য অত্যন্ত কঠিন সময়। তবে চিকিৎসকদের একটি শক্তিশালী দল তার সুস্থতার জন্য কাজ করছে বলেও জানান।