ফ্রান্সের বিপক্ষে চার ফরোয়ার্ড নিয়ে খেলবে ব্রাজিল

হাইভোল্টেজ প্রীতি ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার ফ্রান্সের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন, কঠিন প্রতিপক্ষ হওয়া সত্ত্বেও তিনি তার আক্রমণাত্মক পরিকল্পনা থেকে সরছেন না। ফরাসিদের রুখতে চার ফরোয়ার্ডের রণকৌশল নিয়েই মাঠে নামবে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

যুক্তরাষ্ট্রের বোস্টনে অনুষ্ঠিতব্য এই ম্যাচের আগে আনচেলত্তি স্পষ্ট করেছেন যে, কেবল আক্রমণ করলেই হবে না, রক্ষণভাগকেও সমান সজাগ থাকতে হবে। তিনি বলেন, ‘গত কয়েক মাস ধরে আমি দলের খেলোয়াড়দের বৈশিষ্ট্য অনুযায়ী সেরা গেম মডেল নিয়ে ভেবেছি। আমরা চারজন ফরোয়ার্ড নিয়ে খেলার পরিকল্পনা করেছি। তবে কালকের ম্যাচে আমাদের প্রধান লক্ষ্য হবে খেলায় নিয়ন্ত্রণ রাখা এবং দারুণভাবে রক্ষণ সামলানো। চার ফরোয়ার্ডের যে কোয়ালিটি আছে, সেটির প্রতিফলন ঘটাতে হলে দলে ভারসাম্য থাকা খুব জরুরি।’

প্রতিপক্ষ ফ্রান্স সম্পর্কে আনচেলত্তির মূল্যায়ন বেশ উচ্চ, ‘ফ্রান্স একটি মানসম্পন্ন দল। প্রতিটি বিভাগেই তাদের গুণমান আছে। তাদের আক্রমণে ধার আছে, গতি আছে। জাতীয় দলের জন্য ভারসাম্যের সঙ্গে খেলাটা খুব জরুরি। তবে আমরা আমাদের দলের শক্তির ওপরও মনোনিবেশ করছি, যা অনেক বেশি। ব্রাজিল যেমন বল দখলে রেখে খেলতে পারে, তেমনি কাউন্টার-অ্যাটাকে (প্রতি-আক্রমণ) গিয়েও খুব ভালো খেলতে পারে।’ এমবাপ্পেকে নিয়ে  তিনি বলেন, ‘এমন খেলোয়াড় যাদের সবাই চেনে। অত্যন্ত শক্তিশালী এবং মানসম্পন্ন খেলোয়াড়। এমবাপ্পে গত বছর অনেক গোল করেছে। এখন সে একজন প্রতিপক্ষ। আমাদের তার বিপক্ষে খুব ভালোভাবে ডিফেন্ড করতে হবে। সে অত্যন্ত দ্রুতগতির একজন খেলোয়াড়, যার ফিনিশিং খুবই কার্যকর।’

ম্যাচের আগে ব্রাজিল শিবিরে কিছুটা দুঃসংবাদ রয়েছে। অভিজ্ঞ ডিফেন্ডার মার্কিনহোস উরুর পেশির টানের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না। এছাড়া চোট সমস্যার কারণে নেই নেইমারও। তবে গ্যাব্রিয়েল সারার মতো নতুন মুখদের বহুমুখী প্রতিভা নিয়ে আশাবাদী কোচ।