স্বাধীনতার দিন আজ

আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৫তম বার্ষিকী। আজ বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস রচনার দিন। আজ থেকে ৫৫ বছর আগে ১৯৭১ সালের এই দিনে বাঙালির মুক্তিসংগ্রামের আনুষ্ঠানিক সূচনা ঘটেছিল। এর আগে ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে বর্বর সামরিক অভিযান চালিয়ে ঘুমন্ত ও নিরস্ত্র বাঙালিদের নির্মমভাবে হত্যায় মেতে ওঠে। ওই রাতেই তারা গ্রেপ্তার করে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মাতৃভূমিকে স্বাধীন করতে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ে বাংলার দামাল ছেলেরা। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে তৎকালীন মেজর (পরে বিএনপির প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি) জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দেশবাসীকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করে। হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধ শেষে একই বছরের ১৬ ডিসেম্বর দখলদারমুক্ত হয় বাংলাদেশ। বিশে^র বুকে অভ্যুদয় ঘটে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশে, প্রবাসে বসবাসরত সব বাংলাদেশিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, স্বাধীনতার লক্ষ্য ছিল রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা, শোষণমুক্ত সমাজ ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা এবং সর্বস্তরের জনগণের ক্ষমতায়নকে সুসংহত করা। রাষ্ট্র ও সমাজের সব ক্ষেত্রে সাম্য, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাণীতে বলেন, ‘আমাদের প্রিয় মাতৃভূমির অগ্রগতি ও উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা এবং দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে। আসুন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য থেকে শিক্ষা নিয়ে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে আত্মনিয়োগ করি।’

আজ প্রত্যুষে রাজধানীতে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ সরকারি ছুটির দিন। দিবসটির তাৎপর্য তুলে ধরে সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র, নিবন্ধ ও সাহিত্য সাময়িকী প্রকাশ করবে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টেলিভিশনগুলো স্বাধীনতা দিবসে বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচার করবে।

লাল-সবুজে সেজেছে জাতীয় স্মৃতিসৌধ : লাল সবুজের আভায় সেজেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে স্মৃতির মিনার। শেষ মুহূর্তে তিন বাহিনী মহড়া শেষ করেছে। ইতিমধ্যে স্মৃতিসৌধ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সাজসজ্জার কাজ শেষ করেছে গণপূর্ত বিভাগ। আজ স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ লাখো মানুষের ঢল নামবে স্মৃতিসৌধ প্রাঙ্গণে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জাতীয় স্মৃতিসৌধের গেট থেকে পাদদেশ পর্যন্ত ধুয়ে-মুছে পরিষ্কার পরিপাটি করা হয়েছে। লাল-সবুজের ফুলের আভায় সাজানো হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। লাল-সাদা রঙের আঁচড়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণ পেয়েছে নতুন রূপ। বিভিন্ন স্থানে করা হয়েছে মেরামত। জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণের লেক ও পানির ফোয়ারা সংস্কার এবং ঘাস ছাঁটাই করা হয়েছে।

স্মারক ডাকটিকিট উদ্বোধন প্রধানমন্ত্রীর : স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগের ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডেটাকার্ড এবং একটি বিশেষ সিলমোহর উদ্বোধন করেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে তিনি এসবের উদ্বোধন করেন।

বিএনপির কর্মসূচি : পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ভোরে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাভারে জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো এবং সেখান থেকে ঢাকায় ফিরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হবে। ভোর ৫টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। আগামীকাল শুক্রবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে স্বাধীনতা ও জাতীয় দিবসে আজ সারা দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের সব শাখায় আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করেছে।