নিজ শহরকে ১ লাখ পাউন্ডের ‘ইতিহাস’ উপহার দিলেন হালান্ড

মাঠে তার পায়ের জাদু প্রতিপক্ষ রক্ষণভাগকে কাঁপিয়ে দেয় নিয়মিত। তবে এবার আর্লিং হালান্ড খবরের শিরোনাম হলেন সম্পূর্ণ ভিন্ন এক কারণে। ফুটবল মাঠের গোল উৎসব ছাপিয়ে এবার তিনি নিজ দেশের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় বড় এক ভূমিকা নিলেন। নরওয়ের ইতিহাসের সবচেয়ে বেশি গোল করা এই স্ট্রাইকার ১৬শ শতাব্দীর একটি দুর্লভ ভাইকিং সাগা (ইতিহাসের বীরত্বগাথা) বই কিনে দান করেছেন নিজের শৈশবের শহর ব্রাইনের পাবলিক লাইব্রেরিতে।

গত ডিসেম্বরে হালান্ড এবং তাঁর বাবা আলফ-ইঙ্গে হালান্ড মিলে প্রায় ১.৩ মিলিয়ন নরওয়েজীয় ক্রাউন (প্রায় ১ লাখ পাউন্ড বা দেড় কোটি টাকার বেশি) দিয়ে বইটি কেনেন। এটি নরওয়ের ইতিহাসে কোনো বই বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ মূল্যের রেকর্ড। ১৫৯৪ সালে মুদ্রিত এই বইটি মূলত ত্রয়োদশ শতাব্দীর প্রখ্যাত ইতিহাসবিদ স্নোরি স্টার্লুসন-এর কাজ। যেখানে মধ্যযুগীয় ভাইকিং রাজা, রানি এবং সাধারণ যোদ্ধাদের বীরত্বগাথা বর্ণিত হয়েছে।

হালান্ড মনে করেন, ইতিহাস থেকেই নতুন প্রজন্ম বড় হওয়ার প্রেরণা পায়। বইটির একমাত্র টিকে থাকা কপিটি ব্রাইনের পাঠাগারে উন্মুক্ত করে দিয়ে তিনি বলেন, “আমি চাই বইটি সবসময় খোলা থাকুক, যাতে মানুষ তাঁদের পূর্বপুরুষদের সম্পর্কে পড়তে পারে। আমি ফুটবলের মাধ্যমে আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি, কিন্তু সবাই সেই সুযোগ পায় না। বই মানুষকে বড় স্বপ্ন দেখার এবং নতুন পথ খোঁজার সুযোগ করে দেয়।”

২৫ বছর বয়সী এই স্ট্রাইকার বর্তমানে প্রিমিয়ার লিগে ২৯ ম্যাচে ২২ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন। শুধু ক্লাব ফুটবল নয়, জাতীয় দলের হয়েও তাঁর ফর্ম অবিশ্বাস্য। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ১৬ গোল করে তিনি নরওয়েকে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের মূল মঞ্চে তুলে এনেছেন। নরওয়ের হয়ে এখন পর্যন্ত ৪৮ ম্যাচে তাঁর গোলসংখ্যা ৫৫।

জন্মসূত্রে ব্রিটিশ হলেও নরওয়ের কৃষ্টি ও সংস্কৃতির প্রতি হালান্ডের এই টান সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে। ফুটবলীয় দক্ষতার পাশাপাশি নিজের শেকড়কে সম্মান জানানোর এই মানসিকতা তাঁকে অন্য উচ্চতায় নিয়ে গেল।