ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের মার্কাপুরম জেলায় লরির সঙ্গে মুখোমুখি ধাক্কায় আগুন লেগে যায় যাত্রীবাহী বাসে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। আহত আরও ২৩ জন। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।
প্রথমে পুলিশ জানায়, এ ঘটনায় ৮ জন নিহত হয়েছেন এবং কয়েকজন যাত্রী জীবন্ত দগ্ধ হয়েছেন।
মার্কাপুরমের ডেপুটি পুলিশ সুপার নাগরাজু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অন্ততপক্ষে আট জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ১৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে স্থানীয় সূত্রের খবর, অন্ততপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ তেলঙ্গানার নির্মল থেকে অন্ধ্রের নেল্লোরে যাচ্ছিল বাসটি। মার্কাপুরমের কাছে একটি লরির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরমুহূর্তেই বাসে আগুন লেগে যায়। যাত্রীরা ভিতরে আটকে পড়েন। অনেকে বাসের জানলার কাচ ভেঙে বেরিয়ে আসতে পারলেও সেই মুহূর্তে সকলকে উদ্ধার করা সম্ভব হয়নি। বাসের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভিতরেই ঝলসে মৃত্যু হয় অনেকের। স্থানীয়েরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। তার পর পুলিশ এবং দমকল এসে উদ্ধারকাজ শুরু করে।
জেলা পুলিশের কর্মকর্তারা জানান, প্রায় ২০ জন আহত যাত্রীকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি বলেন, এই দুর্ঘটনায় যাত্রীদের জীবন্ত পুড়ে মৃত্যুর খবর অত্যন্ত মর্মান্তিক।
মুখ্যমন্ত্রী ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং আহতদের চিকিৎসার বিষয়েও খোঁজ নিয়েছেন। তিনি দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলেছেন।