হবিগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জে ধান ক্ষেতের উপর দিয়ে হেটে যাওয়াকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে এক বৃদ্ধাকে হত্যা ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে  বুধবার (২৫ মার্চ) রাতে বানিয়াচং উপজেলার গুনই গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, গুনই গ্রামের নজির আলীর ক্ষেতের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন একই গ্রামের ছালিক মিয়া। ক্ষেতের ধান গাছ নষ্ট হয়েছে বলে মির্জা  নজির আলী দাবি করলে এনিয়ে তারা তর্কে জড়ান। একপর্যায়ে নজির আলী ধাক্কা দিয়ে ছালিক মিয়াকে সরিয়ে দেন। ধাক্কার বিষয়টি ছালিক মিয়া তার লোকজনকে জানালে তারা লাঠিসোটা নিয়ে গুনই বাজারে প্রতিপক্ষের উপর হামলা চালানোর জন্য ছুটে আসেন।  

এ সময় বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা বাজারে গণ্ডগোল না করার জন্য অনুরোধ করে তাদেরকে সরিয়ে দেন। পরে স্থানীয় এমদাদিয়া মাদরাসার কাছে উভয় পক্ষের সংঘর্ষে অত্যন্ত ১৫ জন আহত হয়। খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় সূত্রে আরো জানা যায়, পুলিশ চলে যাবার পর প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে আকলিমা বিবি (৬৫) নামে এক বৃদ্ধাকে বাড়িতে কুপিয়ে আহত করা হয়। তিনি মৃত ফজই মিয়ার স্ত্রী। তাকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বানিয়াচং থানার ওসি (তদন্ত) কবীর হোসেন সংগর্ষের ঘটনা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়না তদন্ত চলছে। এখনও মামলা হয়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।