রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে যাত্রীবাহী বাস চট্টগ্রাম যাওয়ার পথে সাপছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ১৯ যাত্রী আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বাসটির চালক পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
বাসে থাকা যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, ঈদের ছুটি শেষে বাসটি রিজার্ভ করে চট্টগ্রামে নিজ কর্মস্থলে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
যাত্রী জুঁই চাকমা ও রাহুল চাকমা বলেন, বাসটিতে প্রায় ৫০ যাত্রী নিয়ে রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিলাম। পথিমধ্যে বাসটি সাপছড়ি এলাকার ঢালু সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পাহাড়ের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। সবাই চট্টগ্রামের বিভিন্ন পোশাক তৈরি কারখানায় কর্মরত।
চট্টগ্রাম বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম বলেন, বাসটি চট্টগ্রাম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে কয়েকজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। বাকিদের অন্য একটি বাসে চট্টগ্রাম নেয়ার ব্যবস্থা করা হচ্ছে।
কাউখালী উপজেলার ফায়ার সার্ভিসের কমান্ডার লিডার মো. আব্দুল মান্নান বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে এসে দেখি স্থানীয়া আহতদের উদ্ধার করে রাঙামাটি হাসপাতালে প্রেরণ করে। গাড়িতে আর কেউ আটকা পড়ে নাই। এটি নিশ্চিত করেছি।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর জানান, যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯ জন চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। এর মধ্যে ১০ জনকে ভর্তি করা হয়েছে। আটজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন এবং গুরুতর আহত একজন থাকায় চট্টগ্রাম রেফার করা হয়েছে।