রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় ‘সৌহার্দ্য’ পরিবহণের একটি বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নিহতদের পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে নিহত প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
বুধবার (২৫ মার্চ) বিকালে দৌলতদিয়া ৩ নম্বর পন্টুনে ঘটা এ দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে জনস্বার্থে নোটিশটি পাঠিয়েছেন অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান ও অ্যাডভোকেট জায়েদ বিন নাসের।
এতে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী, নৌপরিবহণমন্ত্রী, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, সেতু বিভাগের সচিব এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ঘটনাটি প্রাথমিকভাবে দুর্ঘটনা মনে হলেও এর পেছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ফেরিঘাট ব্যবস্থাপনা, পরিবহণ কর্তৃপক্ষ বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলা ও দায়িত্বে গাফিলতি ছিল কিনা— তা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা জরুরি।
লিগ্যাল নোটিশে আহতদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষম আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।
এ ছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।