৮ মিনিটে প্রথম গোল। এরপর ৩০ মিনিটের মধ্যে আরো দুই গোল খেয়ে ভিয়েতনামের বিপক্ষে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ভালো ফুটবল খেলে আর কোনো গোল হজম করতে দেননি হামজারা। ফিফা প্রীতি ম্যাচটিতে ০-৩ গোলে হেরেছে।
হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে আ অষ্টম মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ভিয়েতনামের ডিফেন্ডার শুয়ং তিয়েন আইনের কর্নার থেকে শট নেওয়ার চেষ্টা করেন পাম তুন হাই। কিন্তু তিনি বলের নাগাল পাওয়ার আগেই বিপদমুক্ত করতে গিয়ে জায়ান আহমেদ উল্টো বিপদ ডেকে আনেন। বাংলাদেশি এই ডিফেন্ডারের পা থেকেই বল চলে যায় জালে।
১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিয়েতনামের প্যাম চুন মান। কর্নার থেকে উড়ে আসা শুয়ং তিয়েনের বাঁকানো শট হেডে জালে জড়ান এই লেফটব্যাক। ৩১ মিনিটে নগুয়াইন হাই লংয়ের শট দারুণ প্রচেষ্টায় থামিয়ে দেন গোলকিপার মেহেদী।
৩৮ মিনিটে আর থামানো যায়নি হাই লংকে। একেবারে কোনাকুনি শটে স্কোরলাইন ৩-০ করেন ভিয়েতনামের এই মিডফিল্ডার। তাঁকে আটকানোর চেষ্টায় ব্যর্থই হয়েছেন তারিক কাজী ও ফাহামেদুল ইসলাম।
বিরতির পর ৪–৩–৩ ছেড়ে ৫–৩–২ ফরমেশন সাজান কাবরেরা। তাতেও দমানো যায়নি ভিয়েতনামের আক্রমণ। ভাগ্য পাশে থাকলে ব্যবধান আরও বাড়াতে পারত স্বাগতিকেরা। শ্রাবণও কিছু দারুণ সেভ দিয়েছেন। তাই গোল হজম না করাটাই যেন স্বস্তির।
আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে হামজারা। তার আগে ভিয়েতনাম ম্যাচটি নিজেদের জন্য যেমন প্রস্তুতির, একইভাবে পরীক্ষাও।
এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের। বাছাইপর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে একটি জয় বাংলাদেশের, সেটি গত নভেম্বর ঘরের মাঠে ভারতের বিপক্ষে। অন্য চার ম্যাচে দুই হার, দুই ড্র। সব মিলিয়ে বাংলাদেশের পয়েন্ট ৫।